সাওদা সুমির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
০৮ এপ্রিল, ২০২৬
ভোলা পৌরসভার মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা সুমিকে নিজ বাসা থেকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির প্রায় শতাধিক নারী কর্মী অংশ নেন। এসময় তারা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীরা। এতে প্রেসক্লাবের সামনের এলাকা কিছু সময়ের জন্য সরব হয়ে ওঠে।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুননেসা সিদ্দিকী বলেন, দেশে তেল-গ্যাস সংকট দ্রুত সমাধান করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সাইবার বুলিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এসময় তিনি অভিযোগ করে বলেন, আগে স্বৈরাচার শেখ হাসিনার সমালোচনা করা হলে মামলা দেওয়া হতো। এখন একই ধরনের স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি হচ্ছে। বিভিন্ন স্থানে শ্রমিকসহ বিরোধী মতের লোকজনকে গ্রেপ্তার করা তারই প্রমাণ।
এছাড়া যে সাইবার আইনের অপব্যবহারের অভিযোগ তুলে সেটি বাতিল করা হয়েছিল, এখন আবার সেই আইনের ধারা ব্যবহার করে গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
এছাড়াও আরো বক্তব্য রাখেন— সংগঠনটির আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট সাবেকুন্নাহার মুন্নী, প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদক নাজমুন নাহার নীলু প্রমুখ।

