আন্তর্জাতিকসর্বশেষ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দৈনিক ব্যয় ১০০ কোটি ডলার

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৯ মার্চ, ২০২৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ট্রাম্প প্রশাসন প্রতিদিন মার্কিন করদাতাদের এক বিলিয়ন ডলার খরচ করছে। ৯ দিনের এই যুদ্ধে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এক হাজার ৭৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের মোট খরচ ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। সূত্র: আল-জাজিরা

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি বিস্টের সাবেক প্রতিবেদক ও দ্য আটলান্টিকের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ন্যান্সি ইউসুফ এই তথ্য জানান। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল কর্মকর্তার বরাতে ইউসুফ জানান, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘পেন্টাগনের প্রাথমিকভাবে অনুমেয় ব্যয় প্রতিদিন এক বিলিয়ন ডলার’।

এর আগে, তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এর অনুমান ও সংকলিত তথ্য বিশ্লেষণ করে জানায়, যুদ্ধের প্রথম চারদিনে ইরানের পাল্টা হামলায় প্রায় দুই বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম হারায় যুক্তরাষ্ট্র।

বুধবার পেন্টাগনের এক ব্রিফিংয়ে, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইঙ্গিত দেন, চলমান যুদ্ধ আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে পেন্টাগনের দৈনিক আনুমানিক এক বিলিয়ন ডলারের হিসাবে মোট খরচ ৫৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে জানায়, এই যুদ্ধ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। সেক্ষেত্রে ২১৫ দিনের যুদ্ধে পেন্টাগনের প্রায় ২১৫ বিলিয়ন ডলার খরচ হবে।

পেন ওয়ার্টন বাজেট মডেলের পরিচালক কেন্ট স্মেটার্স অনুমান করেছেন, এই ব্যয় আরো বেশি হতে পারে। মার্কিন বাণিজ্য ম্যাগাজিন ফরচুনকে তিনি বলেন, দুই মাসেরও বেশি সময় ধরে চলতে থাকলে করদাতাদের ওপর বাজেটের সরাসরি ৬৫ থেকে ৯৫ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।

স্মেটার্স আরো বলেন, জ্বালানি, বাণিজ্য ঘাটতি ও আর্থিক অস্থিতিশীলতার কারণে আরো ১১৫ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হতে পারে যা মোট ক্ষতির পরিমাণ ২১০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটে কর্মরত পেন্টাগনের সাবেক সিনিয়র বাজেট কর্মকর্তা এলেইন ম্যাককাস্কার দ্য আটলান্টিককে বলেন, প্রথম বোমাটি নিক্ষেপের আগেই হামলা পূর্ব সামরিক বিন্যাসে (মধ্যপ্রাচ্যে এক ডজনেরও বেশি নৌযান এবং ১০০টিরও বেশি বিমান পুনঃস্থাপন) পেন্টাগনের ইতিমধ্যেই আনুমানিক ৬৩০ মিলিয়ন ডলার খরচ হয়েছে।

যুক্তরাষ্ট্রের দৈনিক খরচের এই অনুমানটি এসেছে যখন ট্রাম্প প্রশাসন একইসঙ্গে অভ্যন্তরীণ ব্যয় কমিয়ে দিচ্ছে। এতে ব্যয় হ্রাসের ব্যানারে লাখ লাখ আমেরিকানদের খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা ও ফেডারেল পরিষেবা কমেছে।

এই পরিসংখ্যান সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সৃষ্টি করেছে। নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সাবেক সদস্য জাস্টিন ব্রানান বলেন, ‘উন্মাদ! আট সপ্তাহের জন্য প্রতিদিন এক বিলিয়ন ডলার! আমাদের ট্যাক্সের ৫৬ বিলিয়ন ডলার একটি অযৌক্তিক যুদ্ধে নষ্ট হয়েছে। ইতোমধ্যে আমেরিকান পরিবারগুলো ভাড়া দিতে এবং নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে। এটি (যুদ্ধ) কীভাবে অগ্রাধিকার?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *