রাজনীতিসর্বশেষ

বিএনপির প্রার্থী কায়কোবাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১০ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে কায়কোবাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।

তুরস্কের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আবেদন করেন ওই আসনে জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল। গত ১৯ জানুয়ারি তার প্রার্থিতা বহাল রাখেন নির্বাচন কমিশন (ইসি)।

অপরদিকে, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। আজ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলও খারিজ করে দেন আপিল বিভাগ। তাই বিএনপির এই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *