ভারতের নতুন হাইকমিশনার বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী ঢাকায় আসছেন কাল
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
1১ জুন, ২০২৬
বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় আসছেন। আগামী শুক্রবার পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর হয়ে তিনি বাংলাদেশে আসবেন। এ সময় তার সঙ্গে স্ত্রী মৃণাল ত্রিবেদীও থাকবেন বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক, প্রেস ও তথ্য) গোকুল ভি কে এ তথ্য জানান। তিনি বলেন, ১২ জুন শুক্রবার পেট্রাপোল-বেনাপোল হয়ে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসছেন। তাকে বরণ করে নিতে ভারতীয় হাইকমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে (৭৫) বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৫৫ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে দিল্লি।
বাংলাভাষী দীনেশ ত্রিবেদী শুধু রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম সম্পর্কেই নন, সমগ্র বাঙালি সংস্কৃতি সম্পর্কেও সম্যক অবহিত। কংগ্রেস, জনতা দল হয়ে তৃণমূল কংগ্রেস এবং পরে বিজেপিতে যোগ দেওয়া দীনেশ ত্রিবেদীর রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি।

