জাতীয়সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২৫ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই  বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামিলের রুমমেট হিশাম আবুগারবিয়েহর নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

গত সপ্তাহ থেকে বাংলাদেশের দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) লিমনের লাশ উদ্ধারের পরও নাহিদার খোঁজ এখনো মেলেনি বলে মার্কিন বার্তাসংস্থা সিএনএন জানিয়েছে।

হিলসবরো কাউন্টির শেরিফ চাদ চিরোনিস্টার বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা যা পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী হিশামের বাসায় গেলে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে হামলা, অবৈধভাবে আটকে রাখা, প্রমাণ নষ্ট, মৃত্যু গোপন রাখা এবং লাশ সরানোর অভিযোগ আনা হয়।

জামিল লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। নিখোঁজ নাহিদা বৃষ্টিও একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী। দুজনেরই বয়স ২৭। গত ১৬ এপ্রিল তাদেরকে সর্বশেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

লিমনের মৃত্যুর কারণ এখনো নির্ধারণ করা হয়নি। মেডিকেল এক্সামিনার ময়নাতদন্তের ফল শিগগির প্রকাশ করতে পারেন বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে বৃষ্টিকে খুঁজে বের করতে তল্লাশি ও তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *