আন্তর্জাতিকসর্বশেষ

দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে শনিবার পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৫ এপ্রিল, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন। সূত্র: আল-জাজিরা

তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরান এই সরাসরি আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে এবং তারা আশা করছেন আলোচনা ফলপ্রসূ হবে ও একটি চুক্তির দিকে অগ্রসর হবে।

এর আগে ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী সরাসরি আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। ওই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জেডি ভ্যান্স, তবে এবার তিনি সফরে যাচ্ছেন না।

লেভিট জানান, ভ্যান্স বর্তমানে না গেলেও প্রয়োজনে যেকোনো সময় আলোচনায় যোগ দিতে প্রস্তুত আছেন। তিনি আরও বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট সবাই দ্রুত পাকিস্তানে যেতে প্রস্তুত রয়েছে।

উইটকফ ও কুশনার এর আগেও ইরানের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন, যদিও পরে হামলা-সংক্রান্ত উত্তেজনার কারণে সম্পর্ক জটিল হয় এবং তেহরান তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে।

তিন দেশ সফরের অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে পাকিস্তানে রয়েছেন। তিনি এরপর রাশিয়া ও ওমান সফর করবেন। আরাগচি বলেছেন, আলোচনা সম্পর্কে ইরানের অবস্থানের কথা পাকিস্তানে জানাতে তিনি ইসলামাবাদ সফর করছেন।

পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে আলোচনার পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়, যা পরে ২২ এপ্রিলের পর অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর একতরফা ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *