সর্বশেষসারাদেশ

বগুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, দুই চাচাতো ভাই নিহত

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৮ মে, ২০২৬

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে লক্ষ্মীকোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, হত্যায় জড়িত সন্দেহে রাহাত নামে একজনকে আটক করা হয়েছে।

নিহতরা হলেন বগুড়ার মোকামতলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াসিন আলী (৩৩) ও মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে জমির মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হলে ইয়াসিন আলী ও সুমন মোল্লা গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়। গুরুতর আহত সুমন মোল্লাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দুটি হত্যাকাণ্ডের পর লক্ষ্মীকোলা গ্রামে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইয়াসিন আলী ও সুমন মোল্লার লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই গ্রামের রাহাত নামে একজনকে আটক করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, তিন শতাংশ জমির মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ইয়াসিন নিহত ও হাসপাতালে নিলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *