ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, তিনজনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে ফেরি থেকে যানবাহন নদীতে পড়ে তিনজন নিহত। ছবি সংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২১ ডিসেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। এই দুর্ঘটনায় পর নদী থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধলেশ্বরীর মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- মোটরসাইকেলচালক রফিক, ভ্যানচালক স্বাধীন ও প্রবাসী মাসুদ।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে আসে। মাঝনদীতে হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চলতে শুরু করে। ট্রাকটি সামনে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি নিয়ে পানিতে পড়ে যায়।
বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এ সময় পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ কয়েকটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ আছে। আরও কেউ নিখোঁজ থাকলে রোববার সকাল থেকে ফের তল্লাশি কাজ শুরু হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের কাজ শুরু হবে।
