আন্তর্জাতিকসর্বশেষ

বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত


নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
১১ নভেম্বর, ২০২৫


ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চসতর্কতা জারি করেছে ভারত।
গতকাল সোমবার দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নয় জন নিহত এবং ২০ জন আহত হওয়ার পর ভারত সরকার সোমবার রাতে আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা জোরদার করেছে।
ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে, পাশাপাশি উত্তর প্রদেশ-নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা চৌকিগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐহিতাসিক পর্যটন স্থাপনা লাল কেল্লার পাশের বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশে ছড়িয়ে ছিন্ন-ভিন্ন লাশ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি গাড়ি।
ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায়, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ছিন্ন-ভিন্ন লাশগুলো । দিল্লির উপপ্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা একে মালিক বলেন, আমরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সিসিটিভির ফুটেজ থেকে জানা গেছে, গাড়িটিতে একজন মাত্র ব্যক্তি ছিলেন। তিনি বিস্ফোরণের ৬ মিনিট আগে গাড়িটি পার্ক করে রেখে চলে যান।
বিস্ফোরণের পর লাল কেল্লা ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় এই পর্যটন স্থাপনার কাছে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বছরের পুরো সময়জুড়েই ওই এলাকা পর্যটকে পরিপূর্ণ থাকে।
একই দিনে রাজধানী দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির বিহার রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগের দিন বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে।
তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি দিল্লি পুলিশ। ঘটনাস্থলে ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন আধাসামরিক বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *