ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র সংগ্রহ

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২৫ ডিসেম্বর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রার্থিতা নিয়ে তৎপরতা জোরদার হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ কাজ সম্পন্ন করেন।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
