সর্বশেষসারাদেশ

জুলাই ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা: সেলিম উদ্দিন

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

1৯ জুন, ২০২৬

ক্ষমতাসীনরা রাষ্ট্র পরিচালনার শুরুতেই সংবিধান সংস্কারের শপথ না নিয়ে জুলাইয়ের ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, যারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, তাদের প্রকৃত চেহারা জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠেছে।

শুক্রবার কুমিল্লা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আ. মান্নান, ড. আবুল কালাম আজাদ বাশার।বক্তব্য রাখেন মহানগরী নায়েবে আমির মাস্টার মোসলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, জামায়াত এমন একটি মানবিক নগর প্রতিষ্ঠা করতে চায় যেখানে কর্মসংস্থানের অভাবে কেউ বেকার থাকবে না এবং কেউ না খেয়ে থাকবে না। প্রত্যেক শহরকে একটি মানবিক, নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে তার দল কাজ করছে।

তিনি জানান, মানবিক সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে হাজারো মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। জনগণের কল্যাণ ও সেবাকে কেন্দ্র করেই দলটির কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সকাল ৭টায় রাজধানীর উত্তরায় আয়োজিত শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত এক সমাবেশে ডিএনসিসি নির্বাচনে জনগণ জামায়াতকে দায়িত্ব দিলে নিরাপদ নগর গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, পাঁচ বছরের মধ্যে ঢাকাকে নতুন রূপে গড়ে তোলা সম্ভব। দুর্নীতিমুক্ত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে আধুনিক সিসি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপনেরও আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মেধা বিকাশ ও সুস্থ সমাজ গঠনের জন্য নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তিনি তরুণদের মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *