রাজনীতিসর্বশেষ

নির্বাচন ও হ্যাঁ ভোটের প্রচারে পরিচালনা কমিটি পুনর্গঠন করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১০ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। দলটির নতুন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে চেয়ারম্যান এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে সেক্রেটারি করা হয়েছে। শুক্রবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, মাঠপর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, মনিটরিং ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হলো।

কমিটিতে ২৯ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন—ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাড. জহিরুল ইসলাম মুসা, অ্যাড. হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) মো. সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা প্রমুখ।

এর আগে, গত ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে সেক্রেটারি করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতা করা হওয়ায় তাসনিম জারাসহ এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা পদত্যাগের ঘোষণা দেন। এরপর গত ২৯ ডিসেম্বর দলটিতে যোগ দিয়ে মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পান সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর মনিরা শারমিন নওগাঁ-৫ আসনে এনসিপি থেকে প্রার্থী হতে চাইলেও জামায়াতের সঙ্গে সমঝোতা হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *