আন্তর্জাতিকসর্বশেষ

ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেওয়া হলে কড়া জবাব দেবে রাশিয়া: মেদভেদেভ

নিউজ ডেস্ক

এনভিবিডি 24ডটকম

২৫ ফেব্রুয়ারি, ২০২৬

পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র বা প্রযুক্তি সরবরাহ করলে রাশিয়া যুদ্ধে অ-কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ম্যাক্স ম্যাসেঞ্জার অ্যাপে দেওয়া এক বার্তায় দাবি করেন, রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনের কাছে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা করছে। তার ভাষ্য, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে চলমান যুদ্ধের পরিস্থিতি দ্রুত ও নাটকীয়ভাবে বদলে যেতে পারে।

মেদভেদেভ বলেন, পশ্চিমা দেশগুলোর এ ধরনের পদক্ষেপ যুদ্ধরত একটি দেশের হাতে সরাসরি পারমাণবিক অস্ত্র তুলে দেওয়ার শামিল হবে। এ পরিস্থিতিতে রাশিয়া নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র ব্যবহারের অধিকার সংরক্ষণ করে, এমনকি পারমাণবিক অস্ত্রও। তিনি আরো সতর্ক করে বলেন, অস্ত্র সরবরাহকারী দেশগুলোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে।

অন্যদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, ইউরোপে চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ইউক্রেনের কাছে এ ধরনের অস্ত্র বা প্রযুক্তি হস্তান্তর আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার সুস্পষ্ট লঙ্ঘন হবে।

এর আগে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর অভিযোগ তোলে যে, ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহের আগ্রহ দেখাচ্ছে। সংস্থাটির দাবি, এমন পদক্ষেপ শান্তি আলোচনায় কিয়েভের অবস্থানকে আরো শক্তিশালী করতে পারে।

তবে এ বিষয়ে ব্রিটেন, ফ্রান্স বা ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *