জাতীয়সর্বশেষ

হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১৮ এপ্রিল, ২০২৬

হজ ফ্লাইট-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে এ উদ্বোধন করা হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বলেন, হজযাত্রার আগে আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দেশের মানুষের জন্য বর্তমান সরকার যে কাজগুলো করার চেষ্টা করছে, তা যেন সম্পন্ন করার তৌফিক আল্লাহ দান করেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির কল্যাণে হজযাত্রীদের কাছে দোয়া কামনা করেন।

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী এদিন থেকেই হজ ফ্লাইট-২০২৬ কার্যক্রম শুরু হয়। এ বছর বিমান বাংলাদেশ, সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মোট ২০৭টি ফ্লাইটের মাধ্যমে কোনো চার্টার্ড ফ্লাইট ছাড়াই প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পরিবহন করা হবে। এছাড়া গত বছরের তুলনায় প্রতিটি টিকিটে ১২ হাজার টাকা খরচ কমানো হয়েছে।

বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। এদিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদিয়া এবং চারটি ফ্লাইনাস পরিবহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *