জাতীয়সর্বশেষ

তা’মীরুল মিল্লাতে ১১১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

৩১মার্চ, ২০২৬

রাজধানীর ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ১১১ জন কৃতী শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার যাত্রাবাড়ীতে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান (অতিরিক্ত সচিব)।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে এ বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী বৃত্তি অর্জন করে বোর্ডে সেরা হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, তা’মীরুল মিল্লাতের ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতে আরও উন্নত ফলাফল অর্জনে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে দক্ষ নেতৃত্ব ও মানবসম্পদ গঠনে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কার্যকর করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। নৈতিক ও আদর্শিক শিক্ষার প্রসারে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বানও জানান তিনি।

সভাপতির বক্তব্যে ড. খলিলুর রহমান মাদানী উপস্থিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, তা’মীরুল মিল্লাতের শিক্ষকগণ কেবল পেশাগত দায়িত্ব পালন করেন না; বরং নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ মানবসম্পদ গঠনে নিজেদের ঈমানি দায়িত্ব হিসেবে শিক্ষাদান করে থাকেন। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নিবিড় পরিচর্যা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ৫ম ও ৮ম শ্রেণির ১১১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *