জাতীয়সর্বশেষ

বিআরটিসি নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি করেছে এসি বাস

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

০৭ ফেব্রুয়ারি, ২০২৬

বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, বিআরটিসি কেবল একটি পরিবহন সংস্থা নয় এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান। গণপরিবহন পরিচালনা ও ট্রাকের মাধ্যমে পন্য পরিবহনের পাশাপাশি নিজস্ব প্রশিক্ষণ অবকাঠামো, কারিগরি প্রতিষ্ঠান এবং ওয়ার্কশপের মাধ্যমে বিআরটিসি একটি সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলেছে। আজকের এই বাস নির্মাণ কার্যক্রম সেই সমন্বিত সক্ষমতারই একটি বাস্তব উদাহরণ।

শনিবার কেন্দ্রীয় মেরামত কারখানা, গাজীপুর এ বিআরটিসির নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত ২টি এসি বাসের এক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়), শেখ মইনউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ড. মোহাম্মদ জিয়াউল হক এবং সভাপতি হিসেবে বিআরটিসি চেয়ারম্যান, আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।

শেখ মইনউদ্দিন বলেন, আমাদের সড়ক ব্যবস্থাপনায় অনেক রকমের বিশৃঙ্খলা রয়েছে। কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সড়কে শৃঙ্খলা আনতে হবে। এজন্য আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। শৃঙ্খলার জন্য আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। বিআরটিসিকে এক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আমাদের বহরের বাসগুলো যাতে এখানে সংযোজন করতে পারি- সেই সক্ষমতায় যেতে হবে। সক্ষমতা এতোটা বাড়াতে হবে যাতে বাইরের গাড়িও এখানে সংযোজন করা যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিআরটিসির নিজস্ব কারখানায় এই দুইটি এসি বাস তৈরি করা শুধু সূচনা মাত্র। আমরা যেন আমাদের মেধার সর্বোচ্চ উৎকর্ষ সাধন করি। বিআরটিসিকে সম্প্রসারণের সুযোগ অনেক বেশি, আমরা সংস্থাটিকে সম্প্রসারণ করতে চাই। বিআরটিসি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সকলের প্রচেষ্ঠায় এটি আরও সামনের দিকে এগিয়ে যাবে, আরও উন্নত হবে। এটা নতুন যুগের সূচনা মাত্র।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, দীর্ঘ সময় বিআরটিসি’র বহরে নতুন যানবাহন যুক্ত হয়নি, অধিকাংশ বাস পুরাতন হয়ে যাওয়ার কারনে অপারেশন খরচ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও শুধুমাত্র ব্যবস্থাপনার উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর মনিটরিং জোরদারকরণ এবং অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করে বর্ধিত বেতন-ভাতাদি নিয়মিত পরিশোধ করা হচ্ছে।

বর্তমানে বিআরটিসির সদরদপ্তরে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিশাল স্ক্রিনে সারা দেশের প্রতিটি রুটে চলাচলকারী বাস ও ট্রাকগুলোকে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (VTS) ব্যবহারের মাধ্যমে রিয়েল টাইম পর্যবেক্ষণ করা হচ্ছে। বিআরটিসি বহরকে আরও সমৃদ্ধ করতে চলতি বছরের মধ্যেই কোরিয়া থেকে ৩৪০টি অত্যাধুনিক বাস আমদানির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে নতুন ট্রাক ও কোস্টার বাস যোগ করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

বিআরটিসির নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত এই বাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সংস্থা প্রধানগণ/প্রতিনিধিবৃন্দ, বিআরটিসির পরিচালক অর্থ ও হিসাব, ড. অনুপম সাহা, পরিচালক প্রশাসন ও অপারেশন মো: রাহেনুল ইসলাম, পরিচালক কারিগরি ও প্রশিক্ষণ, কর্নেল কাজী আইয়ুব আলী, করপোরেশনের বিভিন্ন বিভাগের জিএম, ডিজিএমগণ এবং কর্পোরেশনের কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *