চবির উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনের
ছবি: সংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৫ ডিসেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের পদত্যাগের দাবি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে ইসলামি ছাত্র শিবির এবং ছাত্রদল ও বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পাল্টাপাল্টি অবস্থান নেয় সংগঠনগুলোর নেতাকর্মীরা। এর আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেয় ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা।
সরজমিনে দেখা যায়, সাড়ে ৫টার দিকে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীদের আন্দোলনের মধ্যস্থতা করতে আসেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ও জিএস সাঈদ বিন হাবিব। দুই পক্ষের আলোচনার মধ্যে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীদের মধ্যে থেকে ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান’ বলে স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়। পরে শিবিরের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নিয়ে ‘ভারতের দালালেরা হুঁশিয়ার’ বলে পাল্টা স্লোগান দিতে দেন।
ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
এর আগে গতকাল শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চবি প্রশাসন আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, ‘১৬ ডিসেম্বর আত্মসমর্পণের দিন নির্ধারিত ছিল। তারা (পাকিস্তান সেনাবাহিনী) ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা জীবিত না মৃত অবস্থায় ফিরবে- সে বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না। এমন পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে- এই ধারণা রীতিমতো অবান্তর।
তিনি আরও বলেন, এটি ছিল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এই দেশকে অন্য একটি দেশের করদরাজ্যে পরিণত করার লক্ষ্যেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে।’

