আন্তর্জাতিকসর্বশেষ

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩১

নিউজ ডেস্ক

এনভিবিডি২৪ডটকম

৩১ জানুয়ারি, ২০২৬

রাফাহ ক্রসিং পুনরায় খোলার একদিন আগে আজ ভোর থেকে গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। ইতোমধ্যে এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয় শিশু এবং বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।সূত্র: আল-জাজিরা

চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছে, শনিবার খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে একটি তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় তিন শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

গাজা শহরের জরুরি পরিষেবা জানিয়েছে, শহরের পশ্চিমে রেমাল পাড়ায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরাইলি বিমান হামলায় তিন শিশুসহ কমপক্ষে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা শহর থেকে জানান, ‘আমরা বিস্ফোরণের ধাক্কা অনুভব করতে পেরেছিলাম। এরপর একটি বিশাল, অন্ধকার, ধুলোময় মেঘ এলাকাটি ঢেকে ফেলেছিল। এতে আবাসিক ফ্ল্যাটের ভেতরে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছিল, যার মধ্যে একজন মা এবং শিশুও ছিল।”

এদিকে গাজা শহরের দারাজ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরাইলি বোমা হামলায় আটজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

হানি মাহমুদ বলেন, ‘এই সবই হলুদ রেখার ভেতরে ঘটছে।’ তিনি জানান, খান ইউনিসে একটি ভবন ইসরাইলি সামরিক বাহিনীর পূর্ব সতর্কীকরণের পর যুদ্ধবিমান হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ১০ অক্টোবর থেকে গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *