আন্তর্জাতিকসর্বশেষ

যুদ্ধবিরতি চুক্তি সইয়ের ট্রাম্পের ঘোষণার পরওগাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
০৯ অক্টোবর, ২০২৫

যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে দুই পক্ষই (হামাস ও ইসরাইল) সম্মত হয়েছে বলে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। সূত্র:আল-জাজিরা
গতকাল রাতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ঘোষণা দেন, তাঁর ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছে হামাস ও ইসরইল। তিনি বলেন, ‘আমি অত্যন্তগর্বের সঙ্গে ঘোষণা করছি যে হামাস ও ইসরাইল উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম দফা বাস্তবায়নের ব্যাপারে সম্মত হয়েছে।’
উচ্ছসিত ট্রাম্প আরও বলেন, এটা বিশ্বের জন্য মহান দিন, সবার জন্য এক দারুণ ও আনন্দের দিন। বিশে^র সবাই চায় এই যুদ্ধ শেষ হোক।
তবে ট্রাম্পের এ ঘোষণার পরও ইসরাইলি যুদ্ধবিমানগুলো গাজা নগরীর পশ্চিমাঞ্চলে হামলা করেছে বলে জানিয়েছেন আল-জাজিরার স্থানীয় সাংবাদিকেরা। বিমান থেকে ফেলা গোলা আল-শাতি শরণার্থীশিবিরের অন্তত একটি বাড়িতে আঘাত হানে।
এ ছাড়া ইসরাইলি সেনারা গাজা নগরীর দক্ষিণে সাবরা এলাকার কিছু বাড়িঘরের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায়। তবে ইসরাইলি হামলা ও বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
গত মাসে ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনার ঘোষণা দেন। এতে খানিকটা ইতিবাচক সাড়া দেয় হামাস। আর ইসরাইল তা আগেই মেনে নেয়। হামাস সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তত বলে ঘোষণা দেয়। এরপর ইসরাইলকে গাজায় বোমা হামলা বন্ধ করতে বলেন ট্রাম্প। কিন্তু তাঁর এ আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এ ঘটনায় প্রায় ১২০০ নিহত এবং ২৫০ জন জিম্মি হিসেবে আটক হয়। তাদের মধ্যে ৪৭ জন এখনো গাজায় রয়েছেন। এর মধ্যে ২৫ জন আর বেঁচে নেই বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী।
এদিকে ইসরাইলে হামাসের হামলার দিন থেকেই গাজায় টানা নৃশংস হামলা ও গণহত্য চালিয়ে যাচ্ছেন দেশটির সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, গত দুই বছরে ইসরাইলি হামলায় গাজায় অন্তত ৬৭ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ হাজার ১৭৯টি শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *