বাংলাদেশকে বুধবারের মধ্যেই বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে
ক্রীড়া ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৯ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না সেকথা সাফ জানিয়ে দিয়েছে। বৈশ্বিক টুর্নামেন্টটিতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হলে বাংলাদেশ খেলবে। ক্রিকেট অনুরাগীরা এসব বিষয় জানার অপেক্ষায রয়েছেন। জানা গেছে, ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
আইসিসির সূত্র থেকে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এমন খবরই পেয়েছে। ঢাকায় শনিবারের বৈঠক শেষে বিসিবিকে এই সময়সীমাই বেঁধে দিয়েছে আইসিসি। ওই বৈঠক শেষে বিসিবি যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল, তাতে অবশ্য এমন কিছু উল্লেখ ছিল না।
বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় দিতেই অপেক্ষায় রয়েছে আইসিসি। বিশ্বকাপে খেলতে বাংলাদেশ ভারত সফরে না গেলে আইসিসি বিকল্প দল বেছে নেবে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইটটি। সেক্ষেত্রে র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপের টিকিট পেতে পারে স্কটল্যান্ড।

