জাতীয়সর্বশেষ

জ্বালানি তেল সংকটে ঢাকার পেট্রোল পাম্পগুলো, চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২2 মার্চ, ২০২৬

জ্বালানি তেলের সংকট ক্রমেই প্রকট রূপ নিচ্ছে। ঈদের ছুটিতে ডিপো থেকে তেল সরবরাহ না পাওয়ায় রাজধানী ঢাকা ও আশপাশের সব পেট্রোল পাম্পে ‘বন্ধ’ বা ‘তেল নেই’ নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

ঈদের দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, একমাত্র সেনাবাহিনীর মালিকানাধীন বিজয় সরণিসংলগ্ন ট্রাস্ট ফুয়েল স্টেশন ছাড়া সব পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। ট্রাস্টের পাম্প থেকে তেল নেওয়ার জন্য গাড়ির লাইন ক্যান্টনমেন্ট থার্ড গেট ছাড়িয়ে মহাখালী ফ্লাইওভারে গিয়ে ঠেকেছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল-সংলগ্ন ব্যস্ত পেট্রোল পাম্পটি ‘বন্ধ’ লিখে রাখা হয়েছে।

তেজগাঁও সাতরাস্তাসংলগ্ন সিটি ফুয়েল স্টেশনও বন্ধ। মহাখালী বাসটার্মিনাল এলাকার সব কটি পাম্পই বন্ধ রাখা হয়েছে। এয়ারপোর্ট রোডে খিলক্ষেত এলাকার পাম্পেও কেবল সিএনজি রিফুয়েলিং হচ্ছিল। অন্যান্য এলাকায়ও একই অবস্থা।

ঈদে জরুরি কাজে কিংবা বেড়ানোর উদ্দেশ্যে যারা গাড়ি নিয়ে বের হয়েছেন, তারা বিভিন্ন পাম্প ঘুরে তেল না পেয়ে হতাশা ও ক্ষোভ নিয়ে কোোমতে বাসায় ফিরেছেন। কিছু যানবাহন তেল একেবারে ফুরিয়ে যাওয়ায় লোকজন নিয়ে ধাক্কা দিয়ে গন্তব্যে নিতে দেখা গেছে।

জ্বালানি তেলের সংকটে অনেকের ঈদে বেড়ানোর চিন্তা বাদ দিতে হয়েছে। জ্বালানির জন্য এই হাহাকার কখন শেষ হবে তা কেউ বলতে পারছেন না। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য যানবাহন পাওয়া যাবে কি না, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

ডিজেল সরবরাহ না পেলে বাস চলাচলে সংকট ও অচলায়তন সৃষ্টি হতে পারে। ঈদে গ্রামে যাওয়া লাখ লাখ মানুষ শহরে ফিরতে প্রয়োজনীয় যানবাহন পাবেন কি না, সে অনিশ্চয়তাও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *