আবহাওয়াসর্বশেষ

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি কুয়াশার আভাস, শীত আরও বাড়তে পারে

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৯ ডিসেম্বর, ২০২৫

দেশের আবহাওয়া আগামী পাঁচ দিন শুষ্ক থাকতে পারে। তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি এবং সারাদেশে হালকা কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে কমতে পারে দিন-রাতের তাপমাত্রাও। এতে করে শীত আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ প্রথম দিনের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা দক্ষিণাঞ্চলে সামান্য বাড়তে পারে, তবে দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা উত্তর-পশ্চিমাঞ্চলে সামান্য কমতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দ্বিতীয় দিন (২০ ডিসেম্বর) সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তৃতীয় দিন (২১ ডিসেম্বর) এবং চতুর্থ দিন (২২ ডিসেম্বর) সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পঞ্চম দিন (২৩ ডিসেম্বর) সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় সময়ের শেষের দিকে দেশের তাপমাত্রা আরও কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *