নাহিদ ইসলামের পোস্ট মিথ্যা, অস্পষ্ট ও বিভ্রান্তিকর-জামায়াত
নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
২০ অক্টোবর, ২০২৫
নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট ‘অস্পষ্ট ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রোববার রাতে আনুষ্ঠানিক এক বিবৃতিতে দলটি বলেছে, নাহিদ ইসলামের কাছ থেকে বালখিল্য বক্তব্য জাতি আশা করে না।
জামায়াতে ইসলামীর পক্ষে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে এই বিবৃতি পাঠিয়েছেন। এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহŸায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম দাবি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর।
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন, তা সর্বৈব মিথ্যা ও দুঃখজনক।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন যে, জামায়াতে ইসলামীর ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) আন্দোলন’ একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। আজ রোববার এক ফেসবুক পোস্টে নাহিদ এ কথা বলেছেন।
তিনি বলেন, ঐকমত্য কমিশনের সংস্কারপ্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ–অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা (পিআর আন্দোলন) তোলা হয়েছে।

