হামলার বিচার না হলে গলায়গামছা পরাব: দেশে ফিরে নুর
নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
৫ অক্টোবর ২০২৫
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার ওপর হামলার বিচার দাবি করেছেন।
শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি বলেন, “২৯ অগাস্টের ঘটনার বিচার না হলে, আমরা যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায় গামছা পরাব।”
নুর বলেন, “ফ্যাসিবাদের সময় শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা, ওই সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এরকম বর্বরোচিত হামলার শিকার আমরা হইনি।
“এটা একটা টার্গেট অপারেশন ছিল। আমাকে আমাদেরকে টার্গেট করে হামলা পরিচালিত হয়েছে। তাই আমি রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানকারী নেতাদের বলব, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ও ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে।”
গত ২৯ অগাস্ট ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলাবাহিনীর বেধড়ক লাঠিপেটার শিকার হন নুর। রক্তাক্ত নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি।
বিদেশে ১২ দিন চিকিৎসার পর শনিবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন নূর। তাকে সংবর্ধনা দিতে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে গণঅধিকার পরিষদ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন।
বিমানবন্দরে নেতাকর্মীদের নিয়ে ব্রিফিংয়ে তার ওপর হামলার ঘটনায় গতানুগতিক তদন্ত কমিটি করা হয়েছে অভিযোগ করেন নুর।
তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে, মিটিং চলছে, প্রতিবেদন আলোর মুখ দেখে না। এই যে প্রায় ৩৫ দিন পার হয়ে গেছে, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে, তাও তাদের কর্মকাণ্ডে আমরা গাফিলতি দেখতে পাচ্ছি।
“প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই, একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনারের (সিইসি) গলায় জুতার মালা পরানো হয়েছে। সাবেক এক প্রধান বিচারপতি, বায়তুল মোকাররমের ইমাম পালিয়ে গেছে দেশ থেকে। সুতরাং ২৯ অগাস্টের ঘটনার বিচার না হলে, আমরা যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব।”

