হাদির ওপর হামলায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

ছবি:সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি২৪ডটকম
১৩ ডিসেম্বর, ২০২৫
ব্যাটারিচালিত রিকশায় বসা ওসমান হাদিকে গুলি করেন মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি। দ্রুত ঘটনা ঘটিয়ে তারা ওই মোটরসাইকেলে সেখান থেকে চলে যায়।
ছবি: সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে দিনের বেলায় সম্ভাব্য একজন প্রার্থীকে গুলির ঘটনায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন ঘটনা তৈরি করে যাতে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে, সরকার ও নির্বাচন কমিশনকে সেটা নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক দলগুলো মনে করে, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে যেভাবে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করা হয়েছে, তা সাধারণভাবে দেখার সুযোগ নেই। এ ঘটনা সুষ্ঠু নির্বাচনের জন্য একটি অশনিসংকেত। এটি ভালো নির্বাচনের পরিবেশ নষ্ট করবে এবং মানুষের মধ্যে ভীতি তৈরি করবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, জাতীয় নির্বাচনকেন্দ্রিক জনসংযোগের সময় চট্টগ্রাম ও পাবনায় গুলির ঘটনা ঘটেছে। তবে ওসমান হাদির ওপর হামলার ঘটনাটির চরিত্র ভিন্ন বলে মনে করা হচ্ছে।
গত ৫ নভেম্বর গণসংযোগ চালানোর সময় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-বায়েজিদ) আসনে বিএনপি-মনোনীত প্রার্থী ও দলের মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় একজন নিহত হন। আহত হন আরও দুজন। এরপর ২৭ নভেম্বর পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতের প্রার্থী ও দলের জেলা আমির আবু তালেব মণ্ডলের জনসংযোগ ঘিরে হামলা, গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন ঘটনা তৈরি করে যাতে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে, সরকার ও নির্বাচন কমিশনকে সেটা নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম ও পাবনার ঘটনা দুটির ক্ষেত্রে স্থানীয় রাজনীতি, অপরাধ জগতের বিভেদসহ বিভিন্ন হিসাব-নিকাশের যোগসূত্র থাকতে পারে বলে মনে করে হচ্ছে। তবে ওসমান হাদির ওপর গুলির ঘটনা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা বলেছেন, দীর্ঘদিন ধরে একটি পক্ষ নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুমকি দিয়ে আসছিল। তাদের ছাড়া নির্বাচন হলে ভোট প্রতিহত করার ঘোষণাও এসেছে। এরই অংশ হিসেবে এ ঘটনা ঘটে থাকতে পারে।
