হরমুজ নিয়ে ট্রাম্পের আল্টিমেটামের শেষ কোথায়?
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৬ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে একের পর এক আল্টিমেটাম ও হুমকি দিয়েই যাচ্ছেন। এর জবাবে ইরানও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।
সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের অবকাঠামোতে কোনো আঘাত আসলে সরাসরি মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হবে।
গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে ইরানকে একাধিক আল্টিমেটাম দিয়েছেন। এই যেমন, ২১ মার্চ ইরানকে উদ্দেশ্য করে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন তিনি।
পরে অবশ্য ২৩ মার্চ, আলোচনার অগ্রগতির দোহাই দিয়ে সময়সীমা ৫ দিন বাড়ানোর কথা উল্লেখ করেন ট্রাম্প।
এর তিন দিন পর আবারও বোল পাল্টান মার্কিন প্রেসিডেন্ট। নতুন ১০ দিনের সময়সীমা ঘোষণা করেন ট্রাম্প, যা ৬ এপ্রিল রাত ৮টায় শেষ হওয়ার কথা ছিল। ৪ এপ্রিল আবারও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ৬ এপ্রিলের ডেডলাইনের কথা পুনর্ব্যক্ত করেন।
এর একদিন পর রোববার (৫ এপ্রিল) ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সময়সীমা একদিন পিছিয়ে ৭ এপ্রিল সন্ধ্যার কথা জানিয়ে বলেন, ‘ইরানের নেতারা যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র বা ব্রিজ অবশিষ্ট থাকবে না।’
একই দিন পরবর্তীতে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন চূড়ান্ত সময় ঘোষণা করেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘মঙ্গলবার, রাত ৮টা (ইস্টার্ন টাইম)!’ অর্থাৎ আন্তর্জাতিক সময় অনুযায়ী এবার বুধবার (৮ এপ্রিল) প্রথম প্রহর পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ইরানকে নতুন আল্টিমেটাম বেধে দিলেন বলে ধারণা করা হচ্ছে।

