সৌদি আরবে চাঁদ দেখা গেছে, বুধবার মধ্যপ্রাচ্যে রমজান শুরু
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ঘোষণা অনুযায়ী, কাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হচ্ছে। সূত্র: গাল্ফ নিউজ
সৌদি আরবের সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেন্টিয়াল কোর্ট জানিয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হচ্ছে।
প্রতিবেদন মতে, সৌদি আরবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটির পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ জানান, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা কয়েক মিনিট পরই চাঁদ দেখা যায়া্ তারাবির নামাজ আদায় এবং শেষ রাতে সেহরি খাবেন দেশটির জনগণ।
উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে রমজান শুরুর ঘোষণা দেয় ওমান। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হবে। অর্থাৎ ওইদিন রোজা শুরু হবে।
বাংলাদেশে আগামীকাল বুধবার চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় জ্যোতির্বিদ্যা ও ধর্মীয় হিসাব অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী সিঙ্গাপুরের মুসলমানরা ওই দিন থেকেই রোজা ও তারাবিহ শুরু করবেন।
অন্যদিকে ব্রুনেই জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটিতে রমজানের চাঁদ দেখা যায়নি। রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনে দেওয়া ঘোষণায় দেশটির শরিয়াহ হাইকোর্টের বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসান বিন হাজি মেতালি জানান, ব্রুনেইতে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। দেশটির জ্যোতির্বিদ্যা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী চাঁদ দেখার প্রক্রিয়া অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়াও জানিয়েছে, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে দেশটিতে রমজান শুরু হবে। জ্যোতির্বিদ্যা ও ইসলামি কর্তৃপক্ষের পর্যবেক্ষণের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

