সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ১৬
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৬ নভেম্বর, ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৬ জন ্আহত হয়েছেন। জানা যায়, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকে ধাক্কা দেয়। হতাহতরা বাসটির যাত্রী।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে পৌরসভার বটতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম অভিমুখি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে ধাক্কা দেয়। পরবর্তীতে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, আমরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

