সামনে কঠিন লড়াই, ঐক্য জরুরি : বুলু

ছবি:সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১১ জানুয়ারি, ২০২৬
ঐক্য ছাড়া কোন বিকল্প নেই সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, আজ আমাদের কারও মনে কোনো অভিমান রাখার সুযোগ নেই। কেউ মনোনয়ন পেয়েছে, কেউ পায়নি এসব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
রোববার রাজধানীর ভাষানী মিলনায়তনে জিয়া মঞ্চ এর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে বরকত উল্লাহ বুলু বলেন , আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে হলে এখন থেকেই কঠোর পরিশ্রমে ঝাঁপিয়ে পড়তে হবে। যারা বিএনপির সময়ে সুযোগ-সুবিধা নিয়ে আজ ব্যাংক, বীমা, বিশ্ববিদ্যালয়, ফার্মাসিউটিক্যাল, স্কুল-কলেজের মালিক হয়েছেন, তারাই আজ আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমন প্রার্থীও রয়েছে, যার আয় মাসে এক লাখ টাকা নয়, অথচ সে প্রতিদিন চার-পাঁচ লাখ টাকা ব্যয় করছে। এই টাকার উৎস আমরা সবাই জানি।
তিনি বলেন, এই ছায়া শত্রুর বিরুদ্ধে আমাদের কঠোরভাবে লড়তে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঐক্যের মাধ্যমেই মোকাবিলা করতে হবে। ঐক্য ছাড়া কোনো পথ নেই।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, “তারেক রহমান বলেছেন ঐক্য, ঐক্য, ঐক্য আর সবার আগে বাংলাদেশ।
তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে সামনে আরও ভয়াবহ বিপদের মুখোমুখি হতে হবে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ইকবাল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
