সরকারি টাকায় নিজবাড়ির পুকুরের গাইডওয়াল নির্মাণ ইউপি চেয়ারম্যানের
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৩ এপ্রিল, ২০২৬
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির টাকায় নিজবাড়ির পুকুরে গাইডওয়াল নির্মাণ করেছেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মৎস্যজীবী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেন চৌধুরী। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে ।
বুড়িচং উপজেলা পরিষদের সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে মনিরুল হোসেন চৌধুরী তার নিজ বাড়ির পুকুরে তার ভাই জাকির চৌধুরীর নামে রিটার্নিং ওয়াল নির্মাণের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয় । এছাড়াও ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল থেকে ২০২৩-২০২৪ অর্থবছরে এক লাখ টাকা দিয়ে আরো একটি রিটার্নিং ওয়াল নির্মাণ করেছেন।
স্থানীয় জানান, আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে তিনি সরকারি অর্থায়নে নিজ বাড়ির পুকুরে রিটার্নিং ওয়াল নির্মাণ করেছেন । সরকারি অর্থের অপব্যবহার করেছেন । এগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতেও চেয়ারম্যানরা তাদের নিজ বাড়ির পুকুর ও বাড়ির আঙিনা সরকারি অর্থে পাকা করবে।
সাহেবাবাদ গ্রামের জাকির হোসেন জানান, সরকারি টাকায় নিজ বাড়ির পুকুরে রিটার্নিং ওয়াল করেছে মনির চৌধুরী । তখন মানুষ মুখ খুলে কিছু বলতে পারেননি । উনি আওয়ামী লীগের বড় নেতা । সরকারি অর্থের অপব্যবহার করলেও উনার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না ।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মনির হোসেন চৌধুরীকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, আমি এই উপজেলা এসেছি এক বছর হয়েছে। এই কাজগুলো দুই বছর আগের । সরকারি অর্থায়নে কিভাবে নিজ বাড়ির পুকুর রিটার্নিং ওয়াল করেছেন । আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি ।

