সমাবেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শহীদ মিনারচত্তরে সরে গেলেন আন্দোলনরত শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১২ অক্টোবর, ২০২৫
বাড়ি ভাড়া ২০ শতাংশ করার দাবিতে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বাঁধার মুখে সেখান থেকে সরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন সমাবেশে অংশ নেওয়া শিক্ষকেরা।
রোববার (১২ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব এলাকা থেকে শহীদ মিনার এলাকায় সরে গিয়ে সেখান থেকেই তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকেই কর্মসূচি চালিয়ে যাব।
শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
তিনি আরও বলেন, আমাদের শীর্ষ নেতারা এরইমধ্যে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। প্রেস ক্লাবে থাকা শিক্ষকদেরকে শহীদ মিনারে চলে যাওয়ার অনুরোধ জানান। অধ্যক্ষ আজিজী বলেন আমরা এখান থেকেই আমাদের আন্দোলন পরিচালনা করব এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লাগাতার আন্দোলনকে সাজাবো, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা প্রতিশ্রতি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ পর্যন্তুআমরা শহীদ মিনার ছাড়ব না, ঢাকার রাজপথও ছাড়ব না। আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে আমরা শ্রেণীকক্ষে ফিরব।
প্রেস ক্লাব এলাকা থেকে শিক্ষক নেতাদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই আবার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করেন। তবে বড় ধরনের কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাড়ানোর পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল। সে সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়।

