আন্তর্জাতিকসর্বশেষ

পাকিস্তান সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্র নিচ্ছে আফগান সেনারা

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১২ অক্টোবর, ২০২৫

পাকিস্তান সীমান্ত এলাকার দিকে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তানের সেনারা । দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ আজ রোববার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।সংবাদমাধ্যমটি বলেছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাংক পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে। সূত্র: আলজাজিরা, টোলো নিউজ
গতকাল শনিবার রাতে পাক-আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষ ঘটে। এরপর আজ সকালে আফগানিস্তান দাবি করেছে, তাদের সেনারা পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্ত চৌকি দখল ও তাদের ৫৮ সেনাকে হত্যা করেছে ।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, শনিবার রাতের সংঘাতে আফগানিস্তানের সীমান্তবর্তী ২৫টি সীমান্ত চৌকি থেকে পাক সেনাদের হটিয়ে দিয়েছে আফগান সেনাবাহিনী। সংঘাতের সময় আফগান সেনাদের বন্দুক ও কামান গোলা হামলায় এসব সীমান্ত চৌকির অন্তত ৫৮ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন।
পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের (টিটিপি)নেতাদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা দানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সঙ্গে ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার এই হামলায় নিহত ও আহতদের সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্ব লংঘন করে হামলা চালিয়েছে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *