‘সঠিক কাজ না করলে’ রদ্রিগেজকে মাদুরোর চেয়েও ‘চড়া মূল্য’ দিতে হতে পারে: ট্রাম্প

ফাইল ছবি
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৫ জানুয়ারি, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ‘যদি সঠিক কাজ না করেন’, তাহলে নিকোলাস মাদুরোর চেয়েও চড়া মূল্য দিতে হতে পারে। সূত্র: আল জাজিরা
দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই হুঁশিয়ারি জানান। দেলসি রদ্রিগেজ ইতিমধ্যে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
ট্রাম্প বলেন, দেলসি রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তাহলে তাকে খুব চড়ামূল্য দিতে হবে—সম্ভবত তা মাদুরোর চেয়েও বড়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে দেশটিতে মার্কিন অভিযানের বিরোধিতা করেছেন দেলসি রদ্রিগেজ। এর জবাবে ট্রাম্প এ সতর্কবার্তা দেন।
মার্কিন বাহিনী মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করার পর শনিবার ট্রাম্প প্রথমে রদ্রিগেজের প্রশংসা করেছিলেন। তবে রদ্রিগেজ বলেন, তার দেশ প্রাকৃতিক সম্পদ রক্ষা করবে।
মাদুরোকে শক্তি প্রয়োগ করে আটক করার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়ে ট্রাম্প আটলান্টিককে বলেন, ‘আপনি এটাকে পুনর্গঠন বলুন, শাসন পরিবর্তন বলুন—যাই বলুন না কেন—বর্তমান পরিস্থিতির চেয়ে যেকোনো কিছুই ভালো। এর চেয়ে খারাপ হওয়ার আর সুযোগ নেই।’
