রাজপথে আমাদের দেখতে পাবেন, ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক:মাদুরো পুত্র

মাদুরো পুত্র নিকোলাস মাদুরো গুয়েরা।ছবি: সংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৫ জানুয়ারি, ২০২৬
নিকোলাস মাদুরো গুয়েরা হলেন যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে। সামরিক হামলা চালিয়ে রাজধানী কারাকাস থেকে বাবাকে তুলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়ার ঘটনায় মুখ খুলেছেন তিনি। সূত্র: ইউএসএ টুডে
গুয়েরা এক ভিডিওবার্তায় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজপথে থাকার সংকল্প ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওতে গুয়েরা বলেন, ভেনেজুয়েলার রাজপথে আপনারা আমাদের দেখতে পাবেন।
তিনি আরও বলেন, ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক ছিল।
স্থানীয় সময় শনিবার কারাকাস থেকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এখন মাদকসংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তাদের বিচার করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় সোমবার তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাজধানী কারাকাস থেকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মাদকসংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তাদের বিচার করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ ঘটনার পর মাদুরো ও তার পরিবার সম্পর্কে আগ্রহ বেড়েছে অনেকের মধ্যে।
মাদুরোর বর্তমান স্ত্রী সিলিয়া ফ্লোরেস। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তাকে বিয়ে করেন মাদুরো। প্রথম স্ত্রীর ঘরে তার ছেলে নিকোলাস মাদুরো (জুনিয়র) গুয়েরাকে (৩৫) আগ্রহের সৃষ্টি হয়েছে।
নিকোলাস মাদুরো (জুনিয়র) গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক চোরাচালানসংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। তিনি ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য। তিনি ‘নিকোলাসিতো’ বা ‘রাজপুত্র’ নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মাদুরো গুয়েরার জন্ম ১৯৯০ সালে। তার মায়ের নাম আদ্রিয়ানা গুয়েরা আঙ্গুলো। বিয়ের পাঁচ বছরের মাথায় মাদুরোর সঙ্গে তার বিচ্ছেদ হয়।
মাদুরো গুয়েরাই ভেনেজুয়েলায় ‘চাভিসমো’ আন্দোলনের ঝান্ডা বয়ে নেবেন বলে অনেকে মনে করেন। ভেনেজুয়েলার পরলোকগত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ছিলেন সমাজতান্ত্রিক আদর্শে উজ্জীবিত। এই মতবাদকে এগিয়ে নিতে তিনি ভেনেজুয়েলায় চাভিসমো আন্দোলনের সূচনা করেছিলেন।
নিকোলাস মাদুরো গুয়েরা কে
যুক্তরাষ্ট্রের মামলার নথি অনুযায়ী, নিকোলাস মাদুরো ২০১৩ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হওয়ার পর একমাত্র ছেলে নিকোলাস মাদুরো গুয়েরাকে ‘প্রেসিডেন্সির স্পেশাল ইন্সপেক্টর কোরের’ প্রধান নিয়োগ করেন।
চার বছর পর মাদুরো গুয়েরা ভেনেজুয়েলার ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। এটি ছিল মূলত একটি নির্বাচিত অস্থায়ী সংসদ, যার দায়িত্ব ছিল সংবিধান পুনর্লিখন করা। এরপর ২০২১ সালে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির (পার্লামেন্ট) সদস্য নির্বাচিত হন মাদুরো গুয়েরা। তিনি এখনো এ পদে আছেন।
মাদুরো গুয়েরা ভেনেজুয়েলার ন্যাশনাল ইউনিভার্সিটি অব দ্য আর্মড ফোর্সেসে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। সরকারের সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি ভেনেজুয়েলার ন্যাশনাল সিস্টেম অব ইয়ুথ অ্যান্ড চিলড্রেনস অর্কেস্ট্রায় বাঁশি বাজানো শিখেছিলেন।
ব্যক্তিজীবনে মাদুরো গুয়েরা বিবাহিত। তাঁর স্ত্রীর নাম গ্রিসেল। এই দম্পতির দুটি কন্যাসন্তান আছে বলে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল এস্টিমুলোর জানিয়েছে।
