লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, ২৪ ঘন্টায় নিহত আরও ৩৫
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
লেবাননে ইসরাইলের সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। আজও দক্ষিণ লেবাননের মারুব শহরের বিমান হামলা চালিয়ে আরও চারজনকে হত্যা করেছে। এছাড়া ইসরাইলি সেনারা লেবাননের বিনত জেবেল শহরের সকল প্রবেশ পথে ঢুকে পড়েছে। সেখানে অবরুদ্ধ হিজবুল্লাহ যোদ্ধারা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি
ইসরাইলি হামলায় লেবাননে গত ২৪ ঘন্টায় মোট ৩৫ জন নিহত এবং ১৫২ জন আহত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে গত ২ মার্চ ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ শুরুর পর লেবাননে দুই হাজার ৫৫ জন নিহত এবং ৬৫৮৮ জন আহত হয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শনিবার বলেন যে, হিজবুল্লাহ নিরস্ত্র না হলে সারা লেবাননে হামলা চালানো হবে। যা বংশ পরস্পরায় চলতে থাকবে।
লেবাননের প্রেসিডেন্ট এরআগের দিন বলেন, তার দেশ ও ইসরাইল যুদ্ধ বন্ধের লক্ষ্যে ১৪ এপ্রিল ওয়াশিংটনে আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে হিজবুল্লাহ এই উদ্যোগের নিন্দা করেছে।
লেবাননজুড়ে ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণহানির সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। গত বুধবার (৮ এপ্রিল) মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দেশজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ৩৫০ জন নিহত হয়েছে।
লেবাননের চিকিৎসকেরা জানিয়েছেন, ইসরাইলি হামলার তীব্রতায় দেশটির চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অসংখ্য এলাকা এই হামলার শিকার হয়েছে এবং হাসপাতালগুলোতে আহতদের ভিড় সামলানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

