মার্কিন ‘ব্ল্যাক হক’ লক্ষ্য করে ইরানের উপজাতিদের গুলি
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৫ এপ্রিল, ২০২৬
ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে উপজাতিদের গুলিতে যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির কোহগিলুয়েহ বোয়ের আহমাদ এবং বখতিয়ারি প্রদেশের যাযাবররা এই সফল আক্রমণ চালিয়েছে।
আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইরানি সশস্ত্র বাহিনীর উপস্থিতি নেই- এমন দুর্গম পাহাড়ি এলাকায় যাযাবর উপজাতিরা সফলভাবে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারে আঘাত হেনেছে। স্থানীয় প্রতিরোধের মুখে শত্রু পক্ষের হেলিকপ্টার কোথাও অবতরণ করতে পারেনি।’
বিবিসি গত শুক্রবারের একটি ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে, যেখানে দেখা যায়- তিন সশস্ত্র ব্যক্তি অন্তত দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়ছে।
অন্যদিকে, বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ দাবি করেছে, বিধ্বস্ত এফ-১৫ই জেটের পাইলটকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টার গুলির মুখে পড়ে। এতে হেলিকপ্টারের ক্রু সদস্যরা আহত হলেও সেটি শেষ পর্যন্ত নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়।
ইরানের যাযাবর ও বখতিয়ারি গোষ্ঠী ঐতিহ্যগতভাবে কঠোর জীবনসংগ্রাম করে। বন্যপ্রাণী এবং চোর-ডাকাতের কবল থেকে গবাদি পশুর পাল ও আস্তানা রক্ষা করার জন্য তারা সবসময় রাইফেল সঙ্গে রাখে। দুর্গম উচ্চভূমিতে তাদের এই পারদর্শিতা এখন মার্কিন সামরিক অভিযানের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কোহগিলুয়েহ এবং বয়ের-আহমাদ প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সাধারণ মানুষ রাইফেল নিয়ে ‘শত্রু হেলিকপ্টার’ লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। এর ফলে মার্কিন বাহিনী ওই অঞ্চলে অবতরণে ব্যর্থ হয়েছে।

