ভেনেজুয়েলা সফরে যাওয়ার ঘোষণা ট্রাম্পের
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১5 ফেব্রুয়ারি, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি দেশটির বর্তমান নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘দশে দশ’ বলে উল্লেখ করেছেন। সূত্র: এএফপি
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার হোয়াইট হাউজ-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ সফরের কথা জানান। তবে সম্ভাব্য সময়সূচি বা বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেননি।
ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ভালো এবং তেলসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারকে ওয়াশিংটন স্বীকৃতি দেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের স্বীকৃতি দিয়েছে এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।
এর আগে গত মাসের শুরুতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস-কে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় মার্কিন বাহিনী।
সে সময় ট্রাম্প বলেন, মাদুরো ও তার স্ত্রীকে ‘আমেরিকান বিচারের মুখোমুখি’ করতে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে। তিনি আরও জানান, নিউইয়র্ক ছাড়াও ফ্লোরিডা ও অন্যান্য শহরেও তাদের বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

