বিলাসবহুল হোটেলে চুরির সময় পাকড়াও ৪ ভারতীয় পর্যটক
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২২ এপ্রিল, ২০২৬
ইন্দোনেশিয়ার বালির গিয়ানিয়ার অঞ্চলের একটি রিসোর্ট থেকে হোটেলের জিনিসপত্র চুরি করার সময় চার ভারতীয় পর্যটক ধরা পড়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে । পরে বিষয়টি আইনি পদক্ষেপ ছাড়াই সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। সূত্র : দ্য বালি টাইমস
পুলিশ জানায়, গত রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টার দিকে পায়াঙ্গান জেলার কেলুসা গ্রামে আসভারা রিসোর্ট উবুদে ঘটনাটি ঘটে।
গিয়ানিয়ার পুলিশের মুখপাত্র ইপ্তু আই গুস্তি নুগুরাহ সুয়ার্দিতা জানান, ওই চার পর্যটক ১৬ এপ্রিল থেকে রিসোর্টটিতে অবস্থান করছিলেন। তারা তিন দিন ও দুই রাতের জন্য দুটি কক্ষ বুক করেছিলেন এবং ১৯ এপ্রিল চেকআউট করেন।
চেকআউটের সময় রিসোর্ট কর্তৃপক্ষ লক্ষ্য করে যে, কক্ষের কয়েকটি জিনিসপত্র নেই। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, এসব জিনিস অতিথিদের লাগেজে রাখা হয়েছে।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল বাথ টাওয়েল, পুল টাওয়েল, হেয়ার ড্রায়ার, কিমোনো পোশাক, দরজার পাপোশ, টিভির রিমোট বক্স এবং রিসোর্টের ডাইনিং সামগ্রী।
সুয়ার্দিতা বলেন, বিষয়টি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানানো হলে তারা ব্যাখ্যার জন্য চেকআউট প্রক্রিয়া স্থগিত করে।
পরে হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের লাগেজ পরীক্ষা করে চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করে।
তবে ঘটনাটি পুলিশকে জানানো হয়নি। উভয় পক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে এবং পর্যটকরা সব জিনিস ফেরত দেন।
সুয়ার্দিতা বলেন, সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়েছে। সব জিনিস ফেরত দেওয়া হয়েছে এবং কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
সমঝোতার পর হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের চেকআউট সম্পন্ন করতে অনুমতি দেয়।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হোটেলের বাইরের চত্বরে ওই চার ভারতীয় পর্যটকের ট্রলি খুলে তল্লাশি চালাচ্ছেন হোটেলের কর্মীরা। পর্যটকরা তাদের মালপত্রের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন। তল্লাশি শুরু হতেই দৃশ্যতই বেশ অস্বস্তিতে পড়েন তারা।
ভিডিওটি এক্স হ্যান্ডলে তরুণ গৌতম নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ভারতীয় পর্যটকদের চুরিকাণ্ডের কড়া সমালোচনা করেছেন।

