ফের ৩.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল বাইপাইল
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২২ নভেম্বর, ২০২৫
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আজ শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩। উৎপত্তিস্থল বাইপাইল।
গতকাল ভূমিকম্পে নিহত ১০
এর আগে গতকাল শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।
গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর পরদিনই বাইপাইলে ভূমিকম্প অনুভূত হলো।

