পিস্তলসহ গ্রেপ্তারের ১ মাস পরই জামিন পায় হাদিকে গুলি করা ফয়সাল
হাদিকে গুলি করে সন্ত্রাসী ফয়সাল। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৩ ডিসেম্বর, ২০২৫
ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। দ্য ডিসেন্টের অনুসন্ধানে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পরিচয় প্রকাশ করা হয়েছে।
দ্য ডিসেন্টের দাবি— ইনকিলাব কালাচারাল সেন্টার থেকে সংগৃহীত ৯ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত ১২ ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক/ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থি বিভিন্ন পেইজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা ৫০টিও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে—ওসমান হাদীর ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদমাধ্যমে পুরোনো খবর থেকে জানা গেছে।
২টি ফেইস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে, গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে।
২০২৪ সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদমাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল, রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। যদিও পরে মাস খানেক পরে কীভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি।

