নেত্রকোনায় মোটরসাইকেল ছিনতাই করতেই চালককে খুন, আসামির জবানবন্দি
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২১ নভেম্বর, ২০২৫
নেত্রকোনার আটপাড়া উপজেলায় মোটরসাইকেল চালক সোহাগ চৌধুরী (৪৫) হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে জানিয়েছি পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, সোহাগকে হত্যা করা হয়েছিল তার মোটরসাইকেল ছিনতাই করার উদ্দেশ্যে।
ওই হত্যাকাণ্ডে গতকাল শুক্রবার শরিফ মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বিকেলে নেত্রকোনার আদালতে তিনি জবানবন্দি দেন। আজ শনিবার সকালে নেত্রকোনার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার শরিফ মিয়া মোহনগঞ্জ উপজেলার ভাটি সুয়াইর নয়াপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। নিহত সোহাগ চৌধুরী খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের মৃত মতিউর রহমান চৌধুরীর ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সোহাগ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। রাতের দিকে মদন থেকে যাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে আটপাড়া উপজেলার বাউসা হাওরে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
ছবি: সংগৃহীত

