চুয়াডাঙ্গায় দুই দিন মিলেছে সূর্যের দেখা, শৈত্য প্রবাহের আভাস

ছবি:সংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২২ ডিসেম্বর, ২০২৫
দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা দুদিন সূর্যের দেখা না মেলায় তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা। চুয়াডাঙ্গায় দুই দিন পর আজ সূর্যের দেখা মিলেছে। রোদ উঠেছে। তবে সেখানে শীতের তীব্রতা বিদ্যমান। ভোর থেকে সকাল পর্যন্ত চারদিক কুয়াশার চাদরে ঢাকা থাকছে। ফলে সড়ক-মহাসড়কে যানবাহন ও মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
গত দুদিনে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার জেলার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা চলছে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।
চলমান শীত মৌসুমে শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রোববার রাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন নিজে উপস্থিত থেকে শহরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, শীতার্ত মানুষের সহায়তায় সরকার সবসময় আন্তরিক। শীত মৌসুমে কেউ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। আগামীতেও শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জামিনুর রহমান বলেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। মাসের শেষের দিকে কিংবা নতুন বছরের শুরুতে চুয়াডাঙ্গাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
