সর্বশেষসারাদেশ

চট্টগ্রামে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নবম শ্রেণীর দুই ছাত্র নিহত

নিহত মুহাম্মদ আকিব ও আবু সুফিয়ান। ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৭ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলের দুই কিশোর আরোহী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলো—আবু সুফিয়ান ও মুহাম্মদ আকিব। এর মধ্যে সুফিয়ান উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবিদপাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে। সে ধামাইরহাট হজরত শাহ সুফি ছালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। আকিব একই উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলমশাহপাড়া হাজীবাড়ি এলাকার ওসমান গণির ছেলে। স্থানীয় রাজাভুবন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই কিশোর একই মোটরসাইকেলে করে কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে চারাবটতল এলাকার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই কিশোর সড়কে ছিটকে পড়ে। এর মধ্যে ঘটনাস্থলেই আবু সুফিয়ানের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে মুহাম্মদ আকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১২টার দিকে আকিবের মৃত্যু হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কের ওপর পড়ে ছিল। শ্যামলী পরিবহনের বাসটিও সড়কের দক্ষিণ পাশে খাদের কিনারায় গিয়ে আটকে যায়। এ ঘটনায় কাপ্তাই সড়কে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক পালিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *