এনসিপির সঙ্গে জোট গড়া নিয়ে আলোচনা চলছে: গোলাম পরওয়ার

ছবি:সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২৫ ডিসেম্বর, ২০২৫জামায়াতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার বিবিসি বাংলা এতথ্য জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এনিয়ে একটি পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের।
নিজের ফেসবুক পাতায় তিনি লেখেন, “তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারাদেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরইমধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে”।
এছাড়াও আব্দুল কাদের লিখেছেন, জামায়াতের থেকে এনসিপি ৫০ আসন চাইলে দর কষাকষির শেষ পর্যায়ে সেটা ৩০ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে।
জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি।
আব্দুল কাদের এ-ও লিখেছেন, “সমঝোতার ৩০ আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন, নাসির উদ্দিন পাটোয়ারী আর জামাতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুইজন মিলেই এনসিপি’র ৩০ জন প্রার্থী চূড়ান্ত করবেন”।
