ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনে চলছে ইসরাইলি নিপীড়ন
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৭ মার্চ, ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। তবে এর মধ্যেও থেমে নেই ফিলিস্তিনিদের ওপর তাদের ইসরাইলি নিপীড়ন। ইরানে হামলার সঙ্গে সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে সমানতালে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলিরা। সূত্র: আল-জাজিরা
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইলি সামরিক বাহিনী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু তা সত্ত্বেও অবরুদ্ধ উপত্যকাটির ফিলিস্তিনি বাসিন্দাদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরাইলি সেনারা।
বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত ও একজন আহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির প্রায় পাঁচ মাসে ৬৩৬ জন নিহত এবং এক হাজার ৭০৪ জন আহত হয়েছেন। এছাড়া ৭৫৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সব মিলিয়ে ইসরাইলি হামলায় দুই বছরের বেশি সময়ে ৭২ হাজার ১২০ জন নিহত এবং এক লাখ ৭১ হাজার ৮০২ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে জানানো হয়, শুক্রবার গাজা সিটির সুজাইয়া মহল্লায় এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা।
এদিকে, ইরানের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে গাজার ওপর পুরোপুরি অবরোধ চাপিয়ে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। উপত্যকাটি থেকে বের হওয়া বা এতে প্রবেশের পথ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

