আন্তর্জাতিকসর্বশেষ

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ১৩

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

10 জুন, ২০২৬

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন । বুধবার (১০ জুন) আফগান সরকারি কর্মকর্তা ও স্থানীয় সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র: বিবিসি

আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘গত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী আবারো আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের বেসামরিক বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে। এসব হামলায় ১১ শিশু, এক নারী ও এক বৃদ্ধসহ মোট ১৩ জন নিহত হয়েছেন।’

নাম প্রকাশ না করার শর্তে খোস্ত প্রদেশের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, স্পেরা জেলায় একটি বাড়িতে হামলায় নয়জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছেন।

পাশের পাকতিকা প্রদেশের এক বাসিন্দা জানান, পৃথক আরেকটি হামলায় তিনজন নিহত হয়েছেন।

সীমান্ত এলাকায় দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকার পর এই হামলাগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর, এ পরিস্থিতি তৈরি হয়েছিল।

গত মাসে প্রকাশিত জাতিসঙ্ঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে এই সব সঙ্ঘাতে কমপক্ষে ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত ও ৩৯৭ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *