আগুনে বন্ধ ফ্লাইট ওঠানামা, গেটে অপেক্ষায় থাকেন বিদেশগামী যাত্রী-স্বজনরা
নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৮ অক্টোবর, ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার কারণে সাময়িকভাবে বিমান ওঠানামা স্থগিত রাখা হয়। তবে পূর্বনির্ধারিত শিডিউলের বিদেশগামী যাত্রীরা বিমানবন্দরের মূল ফটক ও আশপাশে অবস্থান করে ভেতরে প্রবেশের জন্য অপেক্ষা করছিলেন। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীদের আত্মীয়-স্বজনরাও টার্মিনালে উপস্থিত হয়েে প্রিয়জনদের স্বাগত জানাতে কাছাকাছি অপেক্ষায় থাকেন।
শনিবার (১৮ অক্টোবর) রাতে বিমানবন্দরের প্রবেশপথে সরেজমিন দেখা গেছে, আগুনের কারণেই গাড়িগুলো টার্মিনাল ভবনের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী প্রবেশপথে দাঁড়িয়ে যাত্রী ও স্বজনদের নিয়ন্ত্রণ করছেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের মূল প্রবেশপথের সামনেই মানুষজনের ভিড় জমে।
অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহজালালে আসা যাত্রীদের স্বজনরাও অপেক্ষা করছেন বিমানবন্দরের গেটের বাইরে। তাদের অনেকেই ঢাকায় পৌঁছে প্রিয়জনদের নিরাপদে দেখতে চাইছেন। কেউ কেউ উৎকণ্ঠার মধ্যেও বিমানবন্দরের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান করেন।
তবে নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। জানা গেছে, এরইমধ্যে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে অনেক্ষণ।

