জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অভ্যুত্থানকেষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে-ইস: আন্দোলন বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
৩ অক্টোবর ২০২৫, এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে বলেছেন,কতিপয় নামধারী বুদ্ধিজীবীর কথাবার্তায় দেশের পরিস্থিতি দিনদিন অবনতি হচ্ছে। জুলাই সনদের আইনি কোন ভিত্তি না থাকায় জুলাই অভ্যুত্থানকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অচিরেই কতিপয় স্বার্থান্বেষী মহল এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে তিনি সতর্ক করে দেন।
মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, এদেশে বিভিন্ন মহল বিভিন্ন সময়ে চেতনার ব্যবসা করে দেশকে গোল্লায় যাওয়ার দ্বারপ্রান্তে নিয়ে গেছে যা শাসকদের স্বৈরাচারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, জুলাই বিপ্লব নিয়ে কোন ধরনের চেতনা ব্যবসা এদেশের মানুষ মেনে নিবে না। অন্তর্র্বতী সরকার থাকা অবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জুলাইয়ের সঠিক ইতিহাস লেখার জন্য দাবি জানান তিনি।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, জুলাইয়ের শহীদ এবং আহতরা হলেন এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড। তাদেরকে দেখেই সাধারণ জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে সহস্রাধিক শহীদ এবং লক্ষাধিক আহতদের কোন একসময় দেশদ্রোহী, বিশ্বাসঘাতক হিসেবে প্রতিষ্ঠিত করলেও কিছু করার থাকবে না। আহতদের পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করতেও অন্তর্র্বতীকালীন সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে। আহতদের পুনর্বাসন জরুরি হয়ে পড়েছে।

