দেশে আবার চাঁদাবাজির মহামারি শুরু হয়েছে: এমপি আজহারুল ইসলাম
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৪ এপ্রিল, ২০২৬
রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। বিদ্যুৎ কোনো জায়গায় ১২ ঘণ্টা কোনো জায়গায় ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এ সময় কৃষকদের ফসল ফলানোর সময় সে জায়গায় যদি বিদ্যুৎ না থাকে তাহলে কৃষকরা কী করবে। দেশে আবার চাঁদাবাজির মহামারি শুরু হয়েছে। সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। সরকার আছে বিভিন্ন কার্ড নিয়ে। সরকারের সবদিকে খেয়াল রাখা উচিত বলে জানান তিনি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় বদরগঞ্জ মডেল হাইস্কুলে রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতার উপস্থিত ছিলেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য এবং সে লক্ষ্যে সবপর্যায়ের নেতাকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

