সর্বশেষসারাদেশ

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

, ১৭ এপ্রিল, ২০২৬

রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকায় সিএনজি স্ট্যান্ডে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির সময় মো. আশিকুর রহমান (৩০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে মাহিগঞ্জ থানাধীন সাতমাথা সিএনজি স্ট্যান্ড এলাকায় একদল চাঁদাবাজ চালক ও সাধারণ মানুষের কাছ থেকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা আদায় করছিল। এমন সংবাদের ভিত্তিতে মাহিগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চাঁদাবাজিরত অবস্থায় আশিকুর রহমানকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আশিকুর রহমান মাহিগঞ্জ থানার ৩০নং ওয়ার্ডের বীরভদ্র বালাটারী এলাকার মৃত আজম মিয়ার ছেলে।

এ বিষয়ে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে দ্রুত বিচার সংশোধন আইন ২০২৪ এর ৪(১)/৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৩, তারিখ: ১৫ এপ্রিল ২০২৬)।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

ওসি আরও বলেন, এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাঁদাবাজি নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *